ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার ৪টি আসনের মধ্যে ৩টি আসনে জামায়াতের প্রার্থী জয় লাভ করায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং এ বিজয়ের জন্য ঝিনাইদহবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সম্প্রতি মহিলা জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলা ও তাদের এক কর্মী নিহতের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমাদের অনুরোধ থাকবে, আপনারা একপেশে ভূমিকা পালন করবেন না। প্রশাসন মানে শুধু কোনো পক্ষ নয়; আপনারা ঝিনাইদহের প্রশাসন। সুতরাং ঝিনাইদহের আপামর জনসাধারণের সাথেই থাকতে হবে।

ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকরের সভাপতিত্বে জেলা কার্যালয়ে এই দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কার্যালয়ে আয়োজিত এই সমাবেশে সংগঠনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সম্প্রতি ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমাবেশে বক্তারা যেকোনো পরিস্থিতিতে সংগঠনকে সুসংগঠিত রাখার পাশাপাশি প্রশাসনের প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বমূলক আচরণের জোরালো আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমীর আব্দুল আলীম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, কাজী সগীর আহমেদ, মাওলানা তাজুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম, চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।