হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান এবং সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে “স্বচ্ছতার সাথে ভূমিসেবা সহজেই” প্রতিপাদ্যে এ গণশুনানির আয়োজন করে উপজেলা ভূমি অফিস। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা সরাসরি তাদের ভূমি সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, জনগণের ভোগান্তি লাঘবে ভূমি সেবাকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে প্রশাসন কাজ করছে। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

অনিয়মের অভিযোগ

চুনারঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিক ভা-ার এলাকায় এলজিইডি’র তত্ত্বাবধানে নির্মাণাধীন একটি ব্রিজের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

সিডিউল অনুযায়ী কাজ না করা এবং নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ এই ব্রিজের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে চরম সংশয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের ঢালাই কাজে ব্যবহৃত হচ্ছে নি¤œমানের ইটের খোয়া এবং কাদা মিশ্রিত বালু। স্থানীয়দের অভিযোগ, রড বাঁধাইয়ের ক্ষেত্রেও নকশা অনুসরণ করা হচ্ছে না। ঢালাইয়ের সময় তদারকি করার জন্য সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীর উপস্থিত থাকার কথা থাকলেও তাকে নির্মাণস্থলে দেখা যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

ট্রাক চাপায় নিহত

ঝিনাইদহ : ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাম্মী আক্তার (৪২) নামের মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলা শহরের মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে কুষ্টিয়া থেকে স্বামীর সাথে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলো শাম্মী আক্তার। পথে আরাপপুর-চুয়াডাঙ্গা স্ট্যান্ড শহরের মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভাঙ্গা সড়কের কারণে ওই নারী মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়। সেসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শাম্মী আক্তার।

ঝিনাইদহ সদর থানা ওসি শামসুল আরেফীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলসাফা (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ এপ্রিল রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলসাফা আদমদীঘি উপজেলার মুরইল তালুকদারপাড়ার আল মাবুদের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান কালে উপজেলার মুরইল এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে কর্তব্যরত থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি আলসাফাকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পরদিন শুক্রবার আদালতে পাঠনো হয়েছে।

বাসের চাপায় পথচারী নিহত

মাধবদী (নরসিংদী) : নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাঘহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা।

পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মোংলা বাগেরহাট : বাগেরহাটের মোংলা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান এবং সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়েছে। গত ২৩ এপ্রিল সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পালিতব্য জাতীয় পুষ্টি সপ্তাহকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সপ্তাহজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। উদ্বোধনী দিনের অংশ হিসেবে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শাহিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শারমিন আক্তার সুমি।

চালক নিহত

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হাওয়া দেওয়ার সময় ট্রাক্টরের চাকার বিস্ফোরণে মো. শিপন (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত ২৪ এপ্রিল সকালে উপজেলার চরবাকর এলাকায় জাকির হোসেনের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপন নিজেই ট্রাক্টরের চাকার হাওয়া দিতে গিয়ে হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

গ্রেফতার ২ জন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড বানিয়ে নি¤œমানের চাল বিতরণ করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জেসমিন বেগম ও তার সহযোগি কামরুল হাসান মিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পলশা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় একটি এজাহার দেয়া হয়। এজাহারের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণ করছে তারা। সেটি যৌক্তিক কিনা আদালত সিদ্ধান্ত নেবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আদলে দুস্থ কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠে জেসমিন বেগম ও তার সহযোগি কামরুল হাসান মিদুল বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে ২৩ এপ্রিল শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান।

সার ও বীজ বিতরণ

আমতলী (বরগুনা) : আমতলীতে চলতি অর্তবছরে খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১২ হাজার ৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা, ভার্মি কম্পোস্ট এবং উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২০২৫-২৬ অর্থবছরর আওতায় আমতলী উপজেলায় ১২ হাজার কৃষকদের মধ্যে ৫ কেজি করে উফশী আউশ ধানের ৬০ হাজার কেজি ধানবীজ, ১২ হাজার কৃষকদের মাঝে ১০ কেজি করে ১ লক্ষ ২০ হাজার কেজি এমওপি সার এবং ১২ হাজার কৃষকের মাঝে ১০ কেজি করে ১ লক্ষ ২০ হাজার কেজি ডিএপি সারসহ মোট ২ লক্ষ ৪০ হাজার কেজি সার বিতরন করা হয়েছে। এছাড়া ৬০ জন কৃষকে ২০১টি গোলপাতা গাছের চারা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় কৃষি প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অঅমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমুখ।