রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর একটি শপিংমলে ভাঙচুর চালানো হয়েছে। শপিংমলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন রিকশাচালকেরা। পুলিশ বলেছে, কোনো রিকশাচালক নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি গুজব হতে পারে বলছে পুলিশ।
উত্তরা-১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলের সামনে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ উত্তেজনা গতকাল সোমবার সকালেও বিরাজ করে। রিকশাচালকেরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, একটি শপিং মলের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে রোববার রাতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ রিকশাচালকদের অভিযোগ, শপিংমলের নিরাপত্তাকর্মীরা ভেতরে এক রিকশাচালককে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছেন। তবে ওই রিকশাচালকের পরিচয় কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।
রিকশাচালককে হত্যার খবর ছড়িয়ে পড়লে শত শত রিকশাচালক শপিং মলের সামনে জড়ো হন। শপিংমলে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় শপিংমলের সামনের সোনারগাঁও জনপথ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকেরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা চেষ্টা চালায়। পরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।
এ অবস্থায় পরিস্থিতি জানতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রিকশাচালকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ঘটনাটি গুজব এবং এ ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। গতকাল সোমবার সকালে মার্কেটটি পরিদর্শন শেষে এসব তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশের ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ।
এদিকে মার্কেটটি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে, এখনও আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে।