চুয়াডাঙ্গা সংবাদদাতা

আন্তর্জাতিক নারী দিবসে দীর্ঘ নয় মাস আইনি জটিলতা শেষে নিজ দেশ ভারতের বাড়িতে ফিরেছেন ফাল্গুনী রায়। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের এসআই তুহিন জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর শিংড়ী টেংরা কলোনী গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে ফাল্গুনী রায় গত বছর বৈধ পাসপোর্ট-ভিসায় বাংলাদেশে এসেছিলেন প্রথম স্বামী ও সন্তানের সঙ্গে দেখা করতে। কিন্তু পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলাতে তার প্রথম স্বামীর বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হন এবং তারা তার পাসপোর্ট কেড়ে নেয়। এই সঙ্কট মুহূর্তে তিনি সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন। পরে ফাল্গুনী রায় ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টা করলে ২০২৫ সালের ৩০ জুন তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সংশ্লিষ্ট থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাদ- দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাদ- ভোগের পর আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার এনামুল হক ও ভারতের বিএসএফের পক্ষে ছিলেন গেদে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার, উভয় দেশের মধ্যে সমন্বয়কারী এ্যামেচার রেডিও সোসাইটির সেলিম খান, ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের ডিআইবি এসআই রাজেন্দ্র কুমার, কাস্টম সুপার আরকে যাদব, দর্শনা থানার এসআই আমানত, দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের এসআই তুহিন ও চুয়াডাঙ্গা জেলা কারাগারের প্রতিনিধি হেলাল উদ্দীন।