টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল (১৭) সহ দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সখিপুর-গোড়াই আঞ্চলিক সড়কের তক্তারচালা এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল উপজেলার হাতীবান্ধা উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। সে রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে তিন শিক্ষার্থী ঘুরতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্কুলছাত্র মোজাম্মেলের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে হাতীবান্ধা কাশেম বাজার এলাকার রুবেলের ছেলে মাহী (১৮) ও একই এলাকার ইউপি সদস্য ইয়ানুর (১৭)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।