সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। রমজানের মূল শিক্ষা হলো মানুষের মাঝে আল্লাহভীতি সৃষ্টি করা এবং আত্মশুদ্ধির মাধ্যমে সমাজকে কল্যাণের পথে পরিচালিত করা। তিনি বলেন, তাকওয়া অর্জন করতে পারলে মানুষের ব্যক্তিগত জীবন যেমন শুদ্ধ হয়, তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রেও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে যে অবিচার, দুর্নীতি ও অনৈতিকতা দেখা যাচ্ছে, তা দূর করতে হলে মানুষের অন্তরে তাকওয়ার চেতনা জাগ্রত করতে হবে। রমজানের শিক্ষা ধারণ করে যদি আমরা নিজেদের চরিত্র গঠন করতে পারি, তবে একটি শান্তিপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সমাজের সচেতন ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, সমাজে নৈতিকতা, মানবিকতা ও দ্বীনের মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, আলেম-ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। উক্ত ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।