সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জেলেদের জালে বিরল প্রজাতির দুটি বড় আকারের গোলপাতা মাছ ধরা পড়েছে, যেগুলোকে বৈজ্ঞানিকভাবে সেইল ফিশ বলা হয়। মাছ দুটির মোট ওজন প্রায় তিন মণ বলে জানা গেছে। শনিবার (৭ মার্চ) সকালে জেলেরা এগুলো মোংলার প্রধান মাছ বাজারে অবস্থিত রাইজিং ফিস আড়তে নিয়ে আসেন। বড় আকারের এ মাছ বাজারে আনা হলে তা দেখতে স্থানীয় অনেক মানুষ সেখানে ভিড় করেন।
মোংলা বাজারে উপস্থিত খায়রুল আলম নামের এক ব্যক্তি জানান, এ বাজারে সাধারণত এত বড় আকারের মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে মাছ নামানোর খবর শুনে তিনি কৌতূহলবশত মাছটি দেখতে সেখানে গিয়েছিলেন।
আরেক দর্শনার্থী এমরান শেখ বলেন, তিনি আগে কখনো এত বড় গোলপাতা মাছ দেখেননি। মাছটির আকার ও গঠন তার কাছে বেশ ব্যতিক্রমী মনে হয়েছে।
মাছ ব্যবসায়ী রমজান মিঞা জানান, মোংলা বাজারে বড় আকারের মাছ উঠলে তিনি সাধারণত সেগুলো কেনার চেষ্টা করেন। সকালে রাইজিং ফিস আড়তে মাছ দুটি তোলা হলে নিলামের মাধ্যমে তিনি প্রায় ২৪ হাজার টাকা দিয়ে সেগুলো কিনে নেন। তার মতে, মাছ দুটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। পরে মাছ কেটে বাজারে প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, এই মাছ স্বাদে ভালো হওয়ায় স্থানীয় বাজারে এর চাহিদা রয়েছে।