লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিপু সুলতান (২৭) নামে এক সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম করা হয়েছে। এসময় পিটিয়ে আহত হয় প্রবাসীর বৃদ্ধা মা সেফালী বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী সফিয়া বেগমসহ দুই নারীকে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন, একই গ্রামের কালামিঝি বাড়ির কাশেম মুহুরি এবং তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু ও ছেলের বৌ নাঈমা আক্তারসহ কয়েকজন।
আহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাশেম মুহুরীদের সাথে দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে।
আহত প্রবাসী টিপু সুলতান অভিযোগ করে বলেন, বাড়িতে পুরুষ লোক না থাকায় বিনা কারণে কাশেম মুহুরী ও তার ছেলেরা আমার মা শেফালী বেগমকে কয়েক দফা মারধর করেছে। আইনজীবীর সহকারী হওয়ায় কাশেম একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে। এখন আবারও পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়ে মা ও বড় ভাইয়ের স্ত্রীসহ তিন জনকে আহত করেছে। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।