সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
একজন জনপ্রতিনিধি কতটা মানবিক হতে পারেন, তার উজ্জ্বল নজির দেখালেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু মাওলানা।
গত কয়েকদিন ধরে নিজেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শ ছিল বিশ্রামে থাকার। কিন্তু নিজ এলাকার যুবক রিফাতের গুরুতর আহত হওয়ার খবর কানে আসতেই আর শয্যায় থাকতে পারেননি এই জনপ্রতিনিধি। অসুস্থ শরীর নিয়েই ছুটে গেলেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরীর হাট এলাকার বাসিন্দা রিফাত বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার হাসপাতালে পৌঁছে এমপি লেবু মাওলানা সরাসরি চিকিৎসকদের সাথে কথা বলেন, রিফাতের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর রিফাতের উদ্বিগ্ন পরিজনদের পাশে বসেন তিনি। কথা বলেন, সাহস দেন এবং ব্যক্তিগতভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এমপির এই নিঃস্বার্থ উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন রিফাতের পরিবার। এলাকাবাসীও তাঁর মানবিক আচরণের প্রশংসায় মুখর। সবার একটাই প্রার্থনাÑরিফাত দ্রুত সুস্থ হয়ে উঠুক, আর এমপি মহোদয়ও সুস্থ থাকুন।