শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহেদা আহমেদ (৫০) ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এবং গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী।
জানা যায়, ঈদের ছুটিতে তিনি নিজ গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে বেড়াতে এসেছিলেন। গত বুধবার (২৫ মার্চ) সকালে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।