চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে চান্দগাঁও থানার দক্ষিণ মোহরা এলাকার ইস্পাহানী কেজি স্কুল সংলগ্ন একটি ভবনের নিচতলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন চান্দগাঁও থানার এসআই শাহনেওয়াজ, সঙ্গীয় ফোর্সসহ। পুলিশ জানায়, দক্ষিণ মোহরার পাঁচতলা হোসেন মোল্লার দোকানের পাশের আলী আকবর সাহেবের ভবনের নিচতলায় ভাড়া নিয়ে একটি চোলাইমদের কারখানা গড়ে তোলে একটি চক্র। তারা পার্বত্য এলাকা থেকে মদ তৈরির উপকরণ সংগ্রহ করে সেখানে অবৈধভাবে চোলাইমদ উৎপাদন করছিল এবং উৎপাদিত মদ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।
অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং প্রায় ১০০০ লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ উদ্ধার করা হয়। এছাড়াও চোলাইমদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে রয়েছে প্লাস্টিক পাইপ সংযুক্ত সিলভার পাতিল, বড় পাতিল, কড়াই সদৃশ পাত্র এবং মদ সংরক্ষণের জন্য ব্যবহৃত প্রায় ৫০টি প্লাস্টিকের প্যাকেট জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, রাত ১১টা ৩০ মিনিটের দিকে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় চান্দগাঁও থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ০২, তারিখ ১ এপ্রিল ২০২৬।