যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর হলরুমে মঙ্গলবার (৫ মে)এক বর্ণাঢ্য আয়োজনে ৭৮ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, যশোর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি যশোরের বিচারাঙ্গন ও রাজনৈতিক পরিমণ্ডলের একটি তাৎপর্যপূর্ণ মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা এক মঞ্চে উপস্থিত থেকে নবীন আইনজীবীদের শুভেচ্ছা জানান এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, আইন পেশা কেবল জীবিকা অর্জনের ক্ষেত্র নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি নিজের আইনজীবী জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, সততা, মেধা ও পেশাগত নিষ্ঠাই একজন আইনজীবীর সবচেয়ে বড় পরিচয়।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিনের বৈষম্য, দমন-পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে ন্যায়বিচার প্রতিষ্ঠাকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘ সময় ধরে আইনের শাসন, জবাবদিহি ও মানবিক রাষ্ট্রব্যবস্থার প্রশ্নে যে অবস্থান নিয়েছে, তা নতুন প্রজন্মের আইনজীবীদের জন্যও প্রেরণার উৎস হতে পারে।
অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ এখন জনদাবিতে পরিণত হয়েছে। এসব উন্নয়ন বাস্তবায়নে আইনজীবী সমাজের সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। তারা দল-মতের ঊর্ধ্বে উঠে যশোরের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, বিগত প্রতিকূল রাজনৈতিক সময়ে আইনজীবীরা নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা রেখেছেন, তা যশোরের আইন অঙ্গনের জন্য গৌরবের বিষয়। প্রায় সাড়ে বারোশ মামলায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে তারা মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অ্যাডভোকেট অজিউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট গাজী এনামুল হক। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, রবিউল ইসলাম, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোটু।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুল, ক্রেস্ট ও মূল্যবান আইনবিষয়ক বই উপহার দেওয়া হয়। শেষ পর্বে ৭৮ জন নবীন আইনজীবী শপথ গ্রহণ করেন। তারা আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখা, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং অসহায় বিচারপ্রার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। নবীনদের এই পদচারণায় যশোর বার অঙ্গনে নতুন প্রত্যাশা ও প্রাণচাঞ্চল্যের সঞ্চার হয়েছে।