কাপ্তাই সংবাদদাতা : রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মোঃ মামুন (৪৫) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টায় বাড়িতে ফেরার পথে কে পিএম চান্দিনা সিনেমা হল এলাকায় হামলার ঘটনা ঘটে। মামুন মেম্বারকে চট্টগ্রাম (চমেক) মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কাপ্তাই থানা সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা ৬নং ওয়ার্ডের ইউপির সদস্য মোঃ মামুন রাত সাড়ে ৯ টার দিকে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জানাযার নামাজ থেকে নিজ বাড়ি কাপ্তাই কেপিএম চান্দিনা সিনেমা হল এলাকায় যাচ্ছিলেন। ওই এলাকায় পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা, হাত, পা ও পিঠে অন্তত কয়েকটি আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কাপ্তাই চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ওই রাতেই চট্টগ্রাম (চমেক) মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালে মামুন মেম্বার এর সঙ্গে থাকা তাঁর স্ত্রী সাথী বেগম ও বড় ভাই মাসুদ রাত সাড়ে ১২ টার দিকে বলেন, মেম্বার মামুনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রক্ত দেয়া হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

কাপ্তাই থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, আহত ইউপি সদস্য মামুনের কারা হামলা হামলা করতে পারে। ঘটনার পরপরই কাপ্তাই থানা পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আরো বলেন, হাসপাতালে থাকাকালে আহত ওই ইউপি সদস্য কাউকে সনাক্ত করতে পেরেছি কিনা তা জানার চেষ্টা চলছে এবং অপরাধীদের শনাক্ত করে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে পুলিশ এ যাবত কাউকে আটক করতে পারেনি।