লক্ষ্মীপুরের কমলনগরে বাগদা চিংড়ি রেণু শিকারে মেঘনা নদীতে নেমে জালের রশিতে পা পেঁচিয়ে মো. শিপন (২২) নামে এক যুবক তলিয়ে গেছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকায় নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার ২৪ ঘন্টা পার হলেও যুবকের সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। তার স্বজন ও স্থানীয় জেলেরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি করতেছেন। কমলনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এখন পর্যন্ত উদ্ধারে কাজ অব্যাহত রেখেছে।

নিখোঁজ শিপন উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলি কাশেমের বাড়ির মো. বাবুল মিয়ার ছেলে। প্রায় ১৫ দিন আগে তিনি বিয়ে করেছেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিপন মই জাল দিয়ে চিংড়ির রেণু শিকারে নবীগঞ্জ এলাকায় নদীতে যায়। নদীতে জাল ফেলার একপর্যায়ে সাঁতরে সেটি টেনে উঠানোর চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত তার পায়ের সঙ্গে জালের রশি পেঁচিয়ে যায়।