ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএস-সিসি) আওতাধীন নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে ডিএসসিসি। গতকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি ডিএসসিসি সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দফতর আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।
সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানিয়েছেন, গঠিত কমিটিকে নতুন এলাকায় (অঞ্চল ৬ থেকে ১০) একটি নতুন কবরস্থানের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ, স্কেচ তৈরি, জমির মালিকানাসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ভূমি অধিগ্রহণ বিষয়ে যাবতীয় সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব করা হয়েছে অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন–, ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে অঞ্চল ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।