দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে বন্দর কর্তৃপক্ষ। এ অর্জনকে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতার জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনায় নির্ধারিত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমানের কনটেইনার ইউনিট) হ্যান্ডলিং সম্পন্ন হয়। এটি এনসিটি টার্মিনালের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এর আগে, চলতি মাসের ১১ এপ্রিল একই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ড গড়া হয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানো বন্দরের সক্ষমতা বৃদ্ধির একটি স্পষ্ট প্রমাণ বলে মনে করছেন বন্দরসংশ্লিষ্টরা।

শুধু এনসিটি টার্মিনালেই নয়, একই সময়ে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এটি বন্দরের সামগ্রিক অপারেশনাল সক্ষমতা ও দক্ষতার উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে এই ধরনের রেকর্ড বন্দরের সক্ষমতা বৃদ্ধির বাস্তব চিত্র তুলে ধরছে।

বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। দেশের প্রায় ৯০ শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য এই বন্দরকে কেন্দ্র করেই পরিচালিত হয়। ফলে বন্দরের কার্যক্রমে গতি এলে তার সরাসরি ইতিবাচক প্রভাব পড়ে শিল্প উৎপাদন, রপ্তানি আয় এবং বাজার সরবরাহ ব্যবস্থার ওপর।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনসিটির এই রেকর্ড পারফরম্যান্স দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

তিনি আরও বলেন, প্রখর রোদ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমই এই সাফল্যের মূল শক্তি। দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করে বন্দরের কার্যক্রম সচল রাখার পেছনে শ্রমিক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আন্তরিক প্রচেষ্টাই এই অর্জনের ভিত্তি তৈরি করেছে।