সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত ১০টি নৌকা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
একই অভিযানে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
অভিযানে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে সহকারী কমিশনার পলি রাণী দেব বলেন, “অবৈধ বালু উত্তোলনে কেউ যেন কোনো ধরনের সহযোগিতা না করেন। অবৈধ বালু উত্তোলনকারীদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।