স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

দেশপ্রেম, প্রতিবাদ ও সমকালীন বাস্তবতার শক্তিশালী কাব্যিক উচ্চারণে রচিত কবি কাজী নাজিম উদ্দিন সুমনের বহুল প্রতীক্ষিত কাব্যগ্রন্থ ‘এই দেশ ও নেতা’র প্রকাশনা উৎসব টঙ্গী প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিমনা মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এ গ্রন্থের প্রকাশনা উৎসব একুশে গ্রন্থাগারের উদ্যোগে শুক্রবার বিকেলে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির জীবন সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আতিক হেলাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।

একুশে গ্রন্থাগারের প্রধান সমন্বয়ক কবি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, সাংবাদিক এম আর নাসির, লেখক তারিক সজীব, কবি রবিউল মাশরাফী, শফিকুল আলম টিটন, কাজী ছাব্বীর, চঞ্চল মেহমুদ কাশেম, জানে আলম, মামুন সরকার, ফয়সাল আহমেদ, সিরাজ বাবু, মোহাম্মদ শামীম মিয়া ও সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার, সানজিদা রসুল।

বক্তারা বলেন, ‘এই দেশ ও নেতা’ কেবল একটি কাব্যগ্রন্থ নয়, বরং এটি সময়ের বাস্তবতা, দেশপ্রেম ও প্রতিবাদের একটি শক্তিশালী সাহিত্যিক দলিল। বইটি পাঠকের মনে চিন্তার খোরাক জোগাবে এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত কবি-সাহিত্যিকরা স্বরচিত কবিতা আবৃত্তি ও পাঠ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। সাহিত্যচর্চা, মতবিনিময় ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য সমন্বয়ে প্রকাশনা উৎসবটি উপস্থিত সবার মনে গভীর ছাপ ফেলে।