মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় দিনদুপুরে প্রকাশ্যে এক বৃদ্ধার বসতঘর জোরপূর্বক ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ঘর ভাঙায় জড়িত ৫ কাঠমিস্ত্রিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাসাইল গ্রামে গত ২৩ এপ্রিল শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আন্না হক (৯০) ওই গ্রামের মৃত সামসুল হক মাঝির স্ত্রী।

আন্না হকের ছেলে নাসির মাঝির অভিযোগ, তাঁর মামা আব্দুল হাই পূর্ব বিরোধের জেরে ভাড়াটে লোকজন এনে বসতঘরটি ভেঙে ফেলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের স্থানটি সম্পূর্ণ খালি পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, পুরো ঘরটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। নাসির মাঝি, যিনি জাপান প্রবাসী, জানান—বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানকে অবহিত করেন। চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে প্রথমে ঘর ভাঙার কাজ বন্ধ করে দেন। তবে একপর্যায়ে নামাজ আদায়ের জন্য সেখান থেকে চলে গেলে তাঁর অনুপস্থিতির সুযোগে পুরো ঘরটি ভেঙে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘর ভাঙার কাজ বন্ধ করেন। তবে পরে তাঁর অনুপস্থিতিতে ঘরটি সম্পূর্ণ ভেঙে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক জানান, সরেজমিনে পরিদর্শনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।