রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নতুন প্রশাসক হিসেবে নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেছেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। গতকাল সোমবার দুপুরে তাঁরা স্ব স্ব দায়িত্বে যোগদান করেন।

নগর ভবনের প্রশাসকের কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ তাকে দায়িত্ব হস্তান্তর করেন। নবনিযুক্ত প্রশাসক বলেন, “বর্তমানে নগরী অপরিচ্ছন্ন রয়েছে, সেটা ঈদের আগেই নিরসন করতে চাই। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা খারাপ, জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। নগরীতে মশার উৎপাতও বেড়েছে, ইনশাআল্লাহ সেই মশা দমন করা হবে। নগরীর চলমান কাজগুলো কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করবো।” দায়িত্ব গ্রহণের আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।

এদিকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সোমবার সাড়ে ১২টার দিকে তিনি যোগদান করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এবং নির্বাহী কর্মকর্তা কাওছার হাবিবসহ কর্মকর্তাগণ এবং বিএনপি’র মহানগর সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালীউল হক রানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।