মহান মে দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের জোরপুকুরপার মোড়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অব ভাওয়াল। ক্লাবটির উদ্যোগে ভিক্ষুক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, বয়স্ক রিকশা ও অটোরিকশা চালকসহ খেটে খাওয়া মানুষের মাঝে তরমুজ ও পানীয় জুস বিতরণ করা হয়। পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বয়স্ক রিকশাচালকদের মাঝে রেনকোট বিতরণ করা হয়।
সকাল থেকে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। গরমের মধ্যে এই উদ্যোগ তাদের মাঝে স্বস্তি এনে দেয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব ভাওয়াল, নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আমিরুল ইসলাম। তিনি বলেন, 'মহান মে দিবস আমাদের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। সমাজের উন্নয়ন ও অগ্রগতির পেছনে এই শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। রোটারি ক্লাব সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাস করে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।'
তিনি আরও বলেন, 'আজকের এই ক্ষুদ্র প্রয়াস শ্রমজীবী মানুষের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশেষ করে বয়স্ক রিকশাচালকদের জন্য রেনকোট বিতরণ একটি প্রয়োজনীয় উদ্যোগ, যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।'
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি রোটারিয়ান মোঃ সামছুল আলম শিবলী। এছাড়া উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব ভাওয়াল ইকরামুল কবির।
অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন পাস্ট প্রেসিডেন্ট, রোটারিয়ান এস কে শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি, রোটারি ক্লাব অব ভাওয়াল মাহমুদুর রহমান পলাশ। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের সঙ্গে সময় কাটান এবং নিজ হাতে সামগ্রী বিতরণ করেন।
মানবিক এ আয়োজনটি উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।