আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁ জেলাহর আত্রাই উপজেলার শাহগোলা ইউনিয়নের নিকটবর্তী ভবানীপুর বাজার এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে একের পর এক ক্যাবল লাইনের তার কেটে নাশকতার ঘটনা ঘটছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ক্যাবল ব্যবসায়ীরা।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে গভীর রাতে ক্যাবল লাইনের গুরুত্বপূর্ণ অংশগুলো কেটে দিচ্ছে। ফলে পুরো এলাকার সংযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। প্রায়ই এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম মোছা. কোহিনূর বেগম (৫০), স্বামী মো. হাফিজার রহমান (৫৫)। তিনি “এইচকে ক্যাবল” প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি জানান, বারবার এভাবে লাইনের তার কেটে দেওয়ায় তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রাহকদের কাছে সেবা প্রদান ব্যাহত হচ্ছে।