বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, জামায়াতে ইসলামী এবং সমমনা ১১ দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে আছে। সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন। আমরা সব সময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকব; আবার জাতীয় সংসদেও আমাদের দাবি আদায়ের চেষ্টা করব। সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনও হয়নি। মানুষের দাবি বা সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্য যে পরিমাণ চাপ সৃষ্টি করার দরকার, সেটা আমরা করছি।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীসহ আরও অনেকে। এর আগে তিনি হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।

সকালে তিনি চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বক্তব্য রাখেন। চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরো ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে সবাইকে একযোগে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।