পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার পাথরঘাটা পৌরসভার কাজ শেষ করার পরও বিলের টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন আকনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঠিকাদার মো. সেলিম ফরাজি। আজ মঙ্গলবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেনÑ পাথরঘাটা পৌরসভার হিসাব রক্ষক মো. বেলায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হায়দার এবং সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান।

মামলার আরজি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ এপ্রিল তৎকালীন মেয়র আনোয়ার হোসেন আকনের আমলে ১৪ লাখ ৫৮ হাজার ৬৭৪ টাকার একটি উন্নয়নমূলক কাজের কার্যাদেশ পান ঠিকাদার সেলিম ফরাজি। পৌর সভার বিশেষ আদেশে গত বছরের ১১ সেপ্টেম্বর তিনি কাজটি সম্পূর্ণভাবে সমাপ্ত করেন। কাজ শেষ হলেও আসামিরা পরস্পর যোগসাজশে তার পাওনা ৫ লাখ ৭৮ হাজার ৬৭৪ টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন এবং আত্মসাতের চেষ্টা করেন।

দীর্ঘদিন ধরে পৌরসভার দ্বারে দ্বারে ঘুরেও বিল না পেয়ে এবং আসামিদের কাছ থেকে প্রতিকার না পেয়ে অবশেষে তিনি আদালতের শরণাপন্ন হন।