কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীর কৃতি সন্তান আলোকচিত্রী পিনু রহমান আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ফটোগ্রাফি আওয়ার্ড- ২০০২৬ এ ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন। থ্রেডস অফ লাইভ শিরোনামের একটি আলোকচিত্রের জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।

ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন এবং সনি এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চলতি বছর বিশ্বের ২০০ টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় চার লক্ষ ত্রিশ হাজার ছবি থেকে বাংলাদেশের পিনু রহমানের ছবিটি পুরস্কারের জন্য মনোনীত হয়। গত ১৭ ই মার্চ বিশ্বের মর্যাদাপূর্ণ এই আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

পেশায় একজন ব্যাংকার হলেও পিনু রহমান আলোকচিত শিল্পী হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে পিনু রহমান ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ আলোকচিত্রী হিসেবে। এর আগে তিনি বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ওয়ার ফটোগ্রাফি অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। এপর্যন্ত দেশে-বিদেশে ৫০টির বেশি গ্রুপ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।

বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও মানবিক গল্পকে আলোকচিত্রের মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে তিনি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন।

পিরোজপুরের কাউখালী উপজেলার এই গুণী শিল্পীর কৃতিত্বে স্থানীয় জনসাধারণ বেশ উচ্ছ্বসিত। তার এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আলোকচিত্র শিল্পকে আরো সমৃদ্ধ করবে বলে আশা সংশ্লিষ্ট সবার।