রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবানে ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, রেল লাইন স্থাপন, নদী সংস্কার ও দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাবেক উপাধ্যক্ষ এন. এম শাহজালাল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক অধ্যক্ষ মোঃ সায়েদুল আলম, সাবেক অধ্যক্ষ এম এ রাশেদ, রেল লাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ রেজিষ্টার মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ নাহিদ আক্তার, সাবেক কাউন্সিলর মোঃ মাহবুবুর রহমান শেখর, বাসদ জেলা আহবায়ক এ্যাড. আসাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান জাজু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঝিনাইদহ জেলা সভাপতি শারমিন সুলতানা, কেসি কলেজ শাখার আহবায়ক নুসরাত জাহান সাথী, সাবেক জেলা কৃষি কর্মকর্তা আহম্মদ প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, মসজিদের ঈমাম, চিকিৎসক,নারী উদ্যোক্তা এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেন। এসময় বক্তাগণ বলেন- জেলায় কোনো মেডিকেল কলেজ না থাকায় প্রায় ২২ লক্ষ মানুষ উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।

এ প্রেক্ষাপটে ঝিনাইদহবাসী জেলা সদরে একটি আধুনিক ও মানসম্মত মেডিকেল কলেজ দ্রুত প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছে। পাশাপাশি, মাগুরা জেলা, কুষ্টিয়া জেলা ও চুয়াডাঙ্গা জেলা-এর ন্যায় ঝিনাইদহে জেলা শহরে রেল সংযোগ স্থাপন, একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাস্তাঘাট সংস্কার, নবগঙ্গা নদীসহ জেলার সকল নদীর পুনঃখনন ও সংস্কার, এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের জোর দাবি করেন। প্রেসবিজ্ঞপ্তি