রাজশাহী ব্যুরো

আপাতত ‘প্রশাসক’ নিয়োগ হচ্ছে না উপজেলা ও পৌরসভাগুলোতে। আইনি জটিলতার কারণে স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে। সেটি আইন হিসেবে পাস হওয়ার পর নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে নির্বাচনের আগে উপজেলা ও পৌরসভায় কোন প্রশাসক নিয়োগ হবে না। এখন যারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাচন পর্যন্ত তারাই থাকবেন।

গতকাল বুধবার দুপুরে তিনি রাজশাহী সিটি করপোরেশনে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচিত সরকার হিসেবে মনে করি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আমরা এটা করতে চাই। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে একটু সময় লাগছে।’ তিনি বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান করেছে। এই নির্বাচনগুলো দলীয় প্রতীকে হতো। সেই প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে করার জন্য প্রস্তাবনা দিয়েছে। এই অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করেছেন আইনমন্ত্রী। এরপরে বিশেষ কমিটিতে আছে। জাতীয় সংসদ এই পাঁচটি অধ্যাদেশ পাস করার পরে আইন মন্ত্রণালয় হয়ে আমাদের মন্ত্রণালয়ে আসবে। তখন সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য দ্রুততম সময়ে আমরা ব্যবস্থা নেব।’ এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।