হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারীতে মহাসড়কের পাশে বালু ও নির্মাণসামগ্রী রেখে সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন এ ব্যবস্থা নেয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে অবৈধভাবে বালু ও নির্মাণসামগ্রী রেখে দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে একদিকে যেমন পথচারী ও যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছিল, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

এমন অভিযোগের প্রেক্ষিতে রাত আনুমানিক ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালানো হয়। অভিযানে হাটহাজারীর চারিয়া এলাকার আলমগীর (২৬) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী এলাকার মো. ফরহাদ (৩৫)-কে দোষী সাব্যস্ত করে মোট ২৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। ভ্রাম্যমাণ আদালত মহাসড়ক আইন, ২০২১ এবং দ-বিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় এ দ- প্রদান করে।

এ সময় সড়কের পাশে ফেলে রাখা বালু ও নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, “সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কারও বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”