পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম একটি কালভার্ট দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের এই গুরুত্বপূর্ণ কালভার্টটি বর্তমানে এতটাই ঝুঁকিপূর্ণ যে, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। জনস্বার্থে এটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পথচারীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কপিলমুনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বারুইডাঙ্গা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ছুরমান গাজীর পোল্ট্রি খামার হতে মোহাম্মদ সরদারের বাড়ির অভিমুখে চলাচলের রাস্তার মধ্যবর্তী স্থানে এই কালভার্টটির অবস্থান। রাস্তার দুই পাশের খালের পানি নিষ্কাশনের এটিই একমাত্র পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কালভার্টটি এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি দিয়ে বারুইডাঙ্গা, বিরাশী ও শ্যামনগর গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কালভার্টটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য আনা-নেওয়া এবং অসুস্থ রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সচেতন মহলের মতে, আসন্ন বর্ষা মৌসুমের আগে কালভার্টটি সংস্কার করা না হলে রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়বে এবং জলাবদ্ধতার সৃষ্টি হবে। এ বিষয়ে ২নং কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বদরুল আলম জানান, কালভার্টটির বেহাল দশা সম্পর্কে আমরা অবগত। ইতিমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস স্থানটি সরেজমিনে পরিদর্শন করে গেছেন। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এলাকাবাসীর ভোগান্তি লাঘবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণ বা সংস্কারের মাধ্যমে যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করবেন।