চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটার জন্য কৃষিজমির উর্বর মাটি বা টপসয়েল কাটা থামছেই না। এ অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে কেবিসি ব্রিকফিল্ড ও কেবিএম ব্রিকফিল্ডের জন্য কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় মোঃ ফজলু (৩৭) ও মোঃ ইউনুছ আলী (৩৯) নামে দুইজনকে প্রত্যেকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাতে একই এলাকায় অভিযান পরিচালনা করা হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযান চলাকালে একটি মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি ম্যাজিস্ট্রেটের অবস্থান নজরদারি করে অভিযুক্তদের কাছে তথ্য পৌঁছে দিচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কৃষিজমি কাটার কাজে সহায়তার বিষয়টি স্বীকার করে। এ অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “কৃষিজমির টপসয়েল কেটে ফেলা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা কঠিন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে হাটহাজারীর কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।