পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজারের পাশ্ববর্তী পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।