কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে সন্ধ্যা নদীর তীর ঘেষে সরকারি খাস জমিতে গড়ে উঠেছে রিভার সাইড ইকোপার্ক। এটি উপজেলার একমাত্র বিনোদন এলাকা। স্বল্প পরিসরে ইকো পার্কটি গড়ে উঠলেও উপজেলার ভ্রমণ পিপাসু মানুষের অবসর কাটানোর একমাত্র জায়গা এটি।
ঈদ উৎসব কিংবা নববর্ষ সহ বিভিন্ন উৎসবে প্রচুর মানুষের ভীড় হয় এখানে। কিন্তু মানুষের প্রশান্তি ম্লান হয়ে যায় ইকোপাক সংলগ্ন নোংরা আবর্জনার স্তূপে ভরা খালটির কারণে। নাব্যতার অভাবে খালটি মজা হয়ে গেছে।
শহরের যাবতীয় ময়লা আবর্জনা এই খালটিতে ফেলানোর কারণে খালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধের কারণে রিভার সাইড ইকো পার্কে মানুষজন যেতে হলে নাক বন্ধ করে যেতে হয়।
এটি একটি গুরুত্বপূর্ণ খাল। এ কাল দিয়েই বর্ষা মওসুমে নৌযানে করে প্রচুর পরিমাণে পাইকারি ও খুচরা কারবারীরা চারা গাছের চালান নিয়ে আসে।
একসময় এখান থেকে নৌপথে যাত্রীরা নদী পারাপার হতো। কিন্তু বর্তমানে এখন আর তা নেই। সরকারের খাল খনন কর্মসূচির আওতায় খালটি খনন করলে পুনরায় ফিরে পাবে এটির নাব্যতা। ভ্রমণ পিপাসু মানুষেরা নিতে পারবে প্রশান্তি নিঃশ্বাস।