কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন এ আয়োজনে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার রাতে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ন্যাশনাল ডক্টরস ফোরামের কুমিল্লা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এবং ডা. জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. মুজিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, চিকিৎসক সমাজ দেশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। মানবসেবার মহান ব্রত নিয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ধরনের আয়োজন চিকিৎসকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি বলেন, এ ধরনের মিলনমেলা চিকিৎসকদের মানসিক প্রশান্তি এনে দেয় এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। তিনি সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম শুধু পেশাগত সংগঠন নয়, এটি চিকিৎসকদের একটি পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও আন্তরিকতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ডা. মারুফা বিল্লাহ।