সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে জমি দখলে বাঁধা দেওয়ায় এক কৃষক পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাবশালী সোবাহান মিয়ার বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই দিন রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন-সুফিয়া বেগম-(৬০),রিমা বেগম (২৮),সোহাগ মিয়া (২৮), সাগর মিয়া (২৬) ও সুবেল মিয়া সবুজ। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে সুবেল মিয়া সবুজ পৈত্রিক সুত্রে পাওয়া ৩০ শতাংশ ফসলি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রতিবেশী রিয়াদ আলীর ছেলে সোবাহান মিয়া ঐ জমি তার বলে বিভিন্ন সময় জোর করে দাবি করে আসছেন। এনিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান। রবিবার বিকালে সোবাহান মিয়া দলবল নিয়ে ঐ জমি দখল করে লাল নিশানা লাগিয়ে দেয়। এসময় সুবেল মিয়া সবুজ দখলে বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সোবাহান ও তার লোকজন সুবেল মিয়ার ওপর হামলা চালিয়ে মারধর করতে থাকে। এসময় তার ডাকচিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে আসলে তাদের কেউ মারধর করতে থাকে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায় । পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।