সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে থাকা বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী মো. একরাম আলী (৬৫) ও তার পরিবার আতঙ্কে রয়েছেন।
ভুক্তভোগী একরাম আলী উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে।
জানা যায়, একই গ্রামের মৃত ওমির উদ্দিন সরকারের ছেলে মো. হারুন অর রশিদের (৪০) সঙ্গে প্রায় ৩০-৩৫ বছর ধরে ৩৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
ভুক্তভোগী একরাম আলীর দাবি, আদালতের রায়ের ভিত্তিতে গত ৩৩-৩৫ বছর ধরে তার পরিবার ওই জমিতে বসবাস করছে। গত মঙ্গলবার দুপুরে হারুন অর রশিদ ও তার সহযোগীরা হঠাৎ হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করেন। এতে ঘরের বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবার আতঙ্কে পড়ে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জের ধরে মাঝে মাঝে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সাধারণ কথাবার্তাও প্রায়শই উত্তেজনার সৃষ্টি করে। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন, না হলে ছোটোখাটো মতবিরোধও বড় সংঘর্ষে রূপ নিতে পারে।
ভুক্তভোগী একরাম আলী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। আদালতে মামলা চলমান এবং রায়ও পেয়েছি। হঠাৎ এসে অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে কথা হয় মো. হারুন অর রশিদের সাথে। তিনি বলেন, কোনো মারামারি বা ভাংচুরের ঘটনা ঘটেনি। তারা আমাকে জড়ানোর জন্য মিথ্যা অপবাদ রটাচ্ছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪৫ বৎসর হয় জমিটা আমরা ক্রয় করি। ধান চাষাবাদও করতাম আমরা। এমতাবস্থায় আমার প্রতিপক্ষ জোরপূর্বক ওই জমি দখল করে নেন এবং বসতবাড়ি নির্মাণ করেন। এ নিয়ে মামলাও হয়েছিলো। আমি রায় পেয়েছি।