রাজধানীর মিরপুরে মব তৈরি করে আরএস ফাহিম চৌধুরী নামে এক কন্টেন্ট নির্মাতাকে পুলিশে দিয়েছে একদল লোক। গতকাল রোববার বিকেলে মিরপুর চিড়িয়াখানার ফটকে ওই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ফেইসবুকে। সেখানে দেখা যায় একটি সাদা হোন্ডা এসইউভিতে থাকা ফাহিমকে ঘিরে রেখেছে কয়েকজন তরুণ-যুবক। তাদের কয়েকজন গাড়িটির বনেট ও ছাদেও উঠে পড়েছেন। গাড়ির সামনে শুয়ে পড়তে দেখা যায় একজনকে। এসময় তারা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর- এসব স্লোগান দিতে থাকেন। এরপর শাহ আলী থানার একটি পিকআপ ঘটনাস্থলে আসে। পুলিশ সদস্যরা সেই গাড়ির মাঝের আসনে ফাহিমকে বসিয়ে থানার দিকে নিয়ে যান।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম গতকাল বিকেলে সংবাদ মাধ্যমকে বলেন, ফাহিমকে চিড়িয়াখানার সামনে জনতা আটকে রেখেছিল। সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ফাহিমের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার গতকাল রাতে সংবাদ মাধ্যমকে বলেন, ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, ফাহিমের সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার সখ্য ছিল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর এলাকা) সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠ ছিলেন ফাহিম। ফাহিমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে গ্রেপ্তারের দাবি জানিয়ে গত সপ্তাহে সংবাদ সম্মেলন করেছিল মঞ্চ-২৪ নামের একটি সংগঠন।