পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এ মাস মানুষের মধ্যে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার এক দীর্ঘ প্রশিক্ষণ প্রদান করে। মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী আয়োজন হিসেবে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদুল ফিতর। এটি আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের এক অনন্য শিক্ষা বহন করে।
শুভেচ্ছা বার্তায় তিনি বর্তমান জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতি এমন এক সময়ে ঈদ উদযাপন করতে যাচ্ছে, যখন দেশ জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। অনেক আহত ও পঙ্গু ব্যক্তি এখনো বাসা ও হাসপাতালে কষ্টে দিন কাটাচ্ছেন এবং শহীদ পরিবারগুলোতে বিরাজ করছে শোকের আবহ। বেদনাহত জাতি বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য নবগঠিত সরকারের দিকে প্রত্যাশার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতেও তিনি দেশবাসীকে ধৈর্য, সংহতি ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।
তিনি চট্টগ্রাম মহানগরীবাসীসহ দেশ-বিদেশের সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”