রংপুর অফিস : রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের রির্জাভ ষ্টোরে কোটি টাকা মূল্যের পরিত্যাক্ত বেশ কয়েকটি সরকারী মটরযান দীর্ঘদিন যাবত খোলা আকাশের নীচে পড়ে থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই।
রংপুর পুড়াতন সদর হাসপাতাল চত্বরে অবস্থিত জেলা সিভিল সার্জন কার্যালয়ের রির্জাভ ষ্টোরের প্রাঙ্গনে সরেজমিন ঘুরে দেখা গেছে এখানে প্রায় ২০ বছরের বেশী দীর্ঘ সময় যাবত স্বাস্থ্য বিভাগের অচল হয়ে যাওয়া বিভিন্ন মডেলের বেশ কয়েকটি পুড়াতন জীপ, কার, পিকআপসহ ভেইকেল অকেজো অবস্থায় খোলা আকাশের নীচে পড়ে আছে। এসবের বিষয়ে কোন কার্যকর সিদ্ধান্ত না নেয়ায় একদিকে স্থানীয় র্দুবৃত্ত চক্র বিভিন্ন সময়ে এসবের যন্ত্রাংশ সুযোগ মত লোপাট করে নিয়েছে। অপরদিকে দীর্ঘদিন যাবত খোলা আকাশের নীচে পড়ে থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেসবের মুল্যবান অংশ সমূহ ক্রমান্বয়ে ধ্বংশ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নাকের ডগায় সরকারের এসব মুল্যবান সম্পদ ধ্বংস হয়ে গেলেও তা দেখার যেন কেউ নেই। রির্জাভ ষ্টোরের প্রাঙ্গনে পরিত্যাক্ত এই মটরযান গুলো এলাকায় দৃষ্টিকটু এবং দুষিত পরিবেশ সৃষ্টি করে রেখেছে।
এ ব্যাপারে রংপুরের সিভিল সার্জন ডাক্তার শাহীন সুলতানার দৃষ্টি আর্কষণ করলে তিনি এই প্রতিবেদককে জানান, রির্জাভ ষ্টোরের প্রাঙ্গনে অকেজো অবস্থায় পরিত্যাক্ত এসব মটরযান দীর্ঘদিন যাবত খোলা আকাশের নীচে পড়ে থেকে এর অনেক যন্ত্রাংশ চুরি এবং ক্ষতিগ্রস্থ হয়েছে। এসবর মটরযানের সংশ্লিষ্ট নাম্বার এবং কাগজপত্রও খুঁেজ পাওয়া যাচ্ছেনা। ফলে এসব নিলামে দেয়াতেও জটিলতা রয়েছে। এনিয়ে তাঁর দপ্তর সংকটে রয়েছে। তবে একজন মেডিকেল অফিসারকে এসবের হাল নাগাদ অবস্থা এবং তালিকা তৈরী করার দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান।