বাউফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) বাউফল পাবলিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না। চুরি, ডাকাতি এবং তেল সিন্ডিকেট কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।
তিনি আরও বলেন, জনগণের সম্পদ লুণ্ঠন কিংবা সিন্ডিকেটের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। বাউফলের মাটিতে জুলুমবাজদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকব এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত গান, কবিতা ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, শায়েখ জামাল উদ্দীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ আতিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাড.আবুল কাশেম, বাউফল উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, আতিক নজরুল সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।