ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি গভীর রাতে ডালিয়া-জলঢাকা সড়কে সংঘটিত এ ঘটনায় পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের স্লুইসগেট এলাকায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর তারা চলন্ত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে।

ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অন্তত ১১টি মোবাইল ফোন এবং প্রায় ৯৩ হাজার টাকার বেশি নগদ অর্থ লুট করে। এ সময় কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করা হয় এবং চালক-যাত্রীদের ওপর শারীরিক হামলা চালিয়ে আহত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যারা গাড়ির জানালা খুলতে দেরি করেন, তাদের ওপর আরও বেশি নির্যাতন চালানো হয়।