সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে সরকার, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দাতা ও উন্নয়ন সংস্থা সহ সমাজের সক্ষম ও বিত্তবান মানুষদের মুক্তহস্তে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আয়োজিত স্থানীয় গরীব ও অসহায়দের মাঝে ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আমীর আব্দুল হান্নান বাবলুর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নূর মোহাম্মদ রাসেল, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারি মো. রাসেল। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

ড. রেজাউল করিম বলেন, আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে জামায়াত নিজেদের সকল সামর্থ উজার করে দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। তারপরও বিপদ-আপদে এবং প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব মনে করি। সে দায়িত্বানুভূতি থেকেই আমরা আজ সামাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছি। এতে ন্যূনতম কেউ উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল পেশা ও শ্রেণির মানুষকে স্ব স্ব অবস্থান থেকে সাধ্যমত ভূমিকা পালনের আহবান জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী হয়ে ওঠার অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতেই সরকার জুলাই সনদ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জুলাই সনদে স্বাক্ষর এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় যাওয়ার পর তাদের ওপর শনির আছর পড়েছে। ফলে তারা এখন সবকিছুতেই নেতিবাচক। শুরুতেই তারা গণভোটকে অবৈধ বললেও এখন তারা এর বৈধতা স্বীকার করে নিয়েছে। তাই জুলাই সনদ বিষয়ে জনগণ কোন টালবাহানাই মেনে নেবে না বরং সরকারকে সাংবিধানিক সংস্কার ও জুলাই সদন বাস্তবায়নে বাধ্য করবে। তিনি সরকারকে গণবিরোধী অবস্থান থেকে সরে এসে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহবান করে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।