চৈত্র সংক্রান্তির আবহে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে গাজীপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়েছে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়, গাজীপুর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং পুলিশ সুপার গাজীপুর মোঃ শরীফ উদ্দীনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় সংসদ সদস্যের সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় প্রায় ৯০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নানাবিধ পণ্যসামগ্রী স্থান পেয়েছে। দেশীয় হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, পিঠা-পুলি, খেলনা, পোশাকসহ গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ মেলায় আগত দর্শনার্থীদের আকৃষ্ট করছে।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বিদায়ী ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় এবং নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানিয়ে সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছরের উদ্দীপনা নিয়ে মানুষের জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে কাজ করা হচ্ছে। তিনি যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে পরদিন সকাল ১০টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনপ্রিয় ব্যান্ড ‘এশেজ’-এর কনসার্ট আয়োজন করা হয়েছে। সপ্তাহজুড়ে চলবে নানা সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিযোগিতা ও বিনোদনমূলক কার্যক্রম।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ সাদা পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন, যা মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষকে ঘিরে এ ধরনের আয়োজন শুধু আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন করে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
পুরনো বছরের সব গ্লানি ভুলে নতুন আশা, আনন্দ ও সংস্কৃতির বন্ধনে গাজীপুরবাসী এখন বরণ করতে প্রস্তুত বাংলা নববর্ষ ১৪৩৩।