সড়ক দুর্ঘটনা রোধ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে পেশাদার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম।

গতকাল রোববার বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় পেশাদার চালকদের জন্য বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। “সড়ক দুর্ঘটনা রোধকল্পে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)” এর আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

বিআরটিএ সূত্র জানায়, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় প্রতি সপ্তাহে নিয়মিতভাবে এ ধরনের রিফ্রেশার্স প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি রইস উদ্দিন, বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে.এম. মাহবুব কবির, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক শাহাজাদা মো. সামসুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয়, নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ট্রাফিক আইন ও সাইন-সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী অপরাধ ও শাস্তি, মোটরযানের যন্ত্রাংশ সম্পর্কে ধারণা, চালকদের স্বাস্থ্যবিধি, নৈতিকতা ও যাত্রীদের সঙ্গে আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রশিক্ষণার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও ব্রোশিওর বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রতিটি চালককে ৩০০ টাকা সম্মানী ও দুপুরের খাবার প্রদান করা হয়। এদিনের প্রশিক্ষণে মোট ২৪৯ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।