ভোলা সংবাদদাতা
ভোলায় মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্ব ও করণীয় নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবাশ্বিরুল হক হক নাঈম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. আজাহারুল হক এবং ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেন, ‘শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি ইবাদতের মতো মহান দায়িত্ব। শিক্ষকরা যদি আন্তরিকতা, পরিকল্পনা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষাদান করেন, তবে মাদ্রাসা শিক্ষার মান অবশ্যই উন্নত হবে।’ তিনি আরও বলেন, প্রতিটি ক্লাসে পাঠ পরিকল্পনা, শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা চিহ্নিতকরণ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজন অনুযায়ী হোম ভিজিট শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে প্রধান অতিথি ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসায় পঞ্চম ও অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া তিনি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সিসি ক্যামেরার মাধ্যমে নকলমুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা মো. আইয়ুব আলী, মাওলানা মো. মিজানুর রহমান, অধ্যাপক মোঃ আমির হোসাইন, মাওলানা মো. সালাউদ্দিন, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা মো. ইয়াছিনসহ আরও অনেকে।
সভায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা প্রধান অতিথির বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।