সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারী শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দ্বীনের দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতে আলেম-উলামা ও দ্বীনের দায়ীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার বটতলী শহর শাখার উদ্যোগে বটতলী শাহী জামে মসজিদে এতেকাফকারীদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি অধ্যাপক জালাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাক্তার আখতার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী, লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার, বটতলী শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ফজলুল হক আজাদ ও বটতলী শহর শাখা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নুরুল আফসার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে নিজেদের আমল বৃদ্ধি করার পাশাপাশি সমাজের মানুষের মাঝে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তিনি এতেকাফকারীদের উদ্দেশে বলেন, মসজিদে অবস্থান করে নিজেদের গঠন করার পাশাপাশি সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়েও কাজ করতে হবে। তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।