স্পেনভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশনস র্যাংকিংয়ের ২০২৬ সালের প্রকাশিত ফলাফলে গবেষণা ক্যাটাগরিতে দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট, গাজীপুর। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়েটের অবস্থান হয়েছে ১১তম।
ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, এটি দীর্ঘদিনের একাডেমিক সাধনা, গবেষণায় নিবেদন ও উদ্ভাবনী প্রচেষ্টার প্রতিফলন। তিনি জানান, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক প্রকাশনা জোরদার এবং শিল্প-একাডেমিয়া কোলাবোরেশন সম্প্রসারণে একটি সুসংগঠিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, ডুয়েটকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কারিকুলামের আধুনিকায়ন, গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং মেধাবী শিক্ষক-শিক্ষার্থী আকৃষ্ট করার উদ্যোগ অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চলতি বছরের এ র্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে ৪৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব-এই তিন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।