ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দায় কিশোরদের ক্রিকেট খেলতে বাধা দেওয়ায় ফখর উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন বগিরপাড়া গ্রামের মৃত আমছর আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ৪ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছেন।
জানা যায়, বগিরপাড়া গ্রামের ফখর উদ্দিনের মুদির দেকানের পাশের মাঠে এলাকার কিশোররা ক্রিকেট খেলছিল। এ সময় ক্রিকেট বল বারবার ফখর উদ্দিনের দোকানে লাগায় খেলায় বাধা দেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে খেলতে আসা কিশোররা ফখর উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সকালে বগিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, বগিরপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৮), নুরুল ইসলাম হক হীরা (৩৫), লাইলী বেগম (৪০), মনোয়ারা খাতুন (৪২), রাবেয়া খাতুন (৪৫) ও নূরজাহান বেগম (৩৮)।
এ ব্যাপরে তারাকান্দা থানার ওসি মোঃ তানভির আহমেদ জানান, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।