সোনারগাঁ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারাায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, যদি আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাহলে কোন দায়িত্বশীলের পক্ষে কোন প্রকার দুর্নীতি করা সম্ভব ছিল না। সরকারি বরাদ্দ নিজের মনে করে খেয়ে ফেলতে পারত না।

১৩ মার্চ (জুমাবার) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের জামপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মফিজুল ইসলামের সঞ্চালনায় ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. এরফানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা উত্তর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান ও স্থানীয় জমায়াত নেতৃবৃন্দ।

সোনারগাঁ উত্তর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান বলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি তারা অনেকেই ৫০-৬০টি রমযান পেয়েছি। প্রতি রমযানে যদি একটি করে তাকওয়ার গুণ অর্জন করতে পারতাম তাহলে আমাদের জীবনটা তাকওয়ার গুণে গুণান্বিত হতো জীবনটা আরো সুন্দর হতো।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে যে আয়াতের মাধ্যমে নামাজ ফরজ করেছেন, যে আয়াতের মাধ্যমে কিসাস ফরজ করেছেন ঠিক একই আয়াতে দ্বীন প্রতিষ্ঠা ফরজ করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত কর অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করো।

যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসেক, অন্য আয়াতে বলেছেন তারা জালেম, আরেক আয়াতে বলেছেন তারা কাফির। আমার জীবন পরিচালনায় ছোট ছোট নিয়ম যিনি বলে দিয়েছেন তিনি কি আমার জীবনের বিশাল একটি দিক আমার রাজনৈতিক জীবন সম্পর্কে বলেননি? অবশ্যই বলেছেন। আমার ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্টীয় জীবন কিভাবে কোন বিধানে পরিচালনা করব তা বলে দিয়েছেন। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী আমার গোটা জীবন টাকে পরিচালনা করতে পারি তাহলে আমার যে দায়িত্বশীলরা সমাজের ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন তাদের পক্ষে কোন প্রকার দুর্নীতি করা সম্ভব ছিল না। সরকারি বরাদ্দ নিজের মনে করে খেয়ে ফেলতে পারত না।