চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু টোল ফ্রির করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে রেহাইচর চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো, যা প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। দীর্ঘ দিন ধরে সেতুতে টোল আদায়ের ফলে স্থানীয় চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে এই টোল আদায় অযৌক্তিক। তাই জনস্বার্থে অনতিবিলম্বে এই সেতুর টোল ফ্রি করার জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম, এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ চেস্বারের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা, ইলেক্ট্রিক এ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান মুকুল, এ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি আলমগীর কবির, জেলা ট্রাক টাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান ননি, সিএনজি চালক সমিতির সভাপতি আজগর আলী প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণ করে, ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, দলিল লেখক সমিতি, শিক্ষক সমিতি, অটো রিকশা সমিতিসহ অন্যান্য সংগঠন। এদিকে, সড়ক ও জনপথ বিভাগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রায়হান ইমতিয়াজ বলেন, ৬ মাস আগে মোটরসাইকেল, অটোরিক্সা ও সিএনজি’র টোল ফ্রির জন্য প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে পরবর্তীতে এ যানগুলোর টোল ফ্রির ব্যবস্থা নেওযা হবে।