শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজাবাড়ী ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী ধলাদিয়া ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধকে সুদৃঢ় করার প্রত্যয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদ শুধুমাত্র আনন্দ-উৎসবের দিন নয়; এটি মুসলিম উম্মাহর ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নূরুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
রাজারহাট (কুড়িগ্রাম) : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ মার্চ সকালে জামায়াতের উপজেলা আমির মাওলানা কফিলউদ্দিনের সভাপতিত্বে রাজার হাট সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-০২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান প্রধান শিক্ষক গোলজার হোসেন, মাওলানা আব্দুল খালেক জিহাদী, মাওলানা আব্দুর রহিম, শফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সুজন মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী।ছবি সংযুক্ত।
হাটহাজারী : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য চট্টগ্রাম মহাগর আমীর বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন,মৃত্যুর পর ব্যক্তিগতভাবে যদি আমি সফলতা অর্জন করতে না পারি, তাহলে দুনিয়াতে আমার যতবড় পরিচয় হউক না কেন, আমার জীবনটা ব্যর্থ। কারণ সফলতার মূল সংজ্ঞা হচ্ছে যদি আমি পরকালে জাহান্নাম থেকে বাচঁতে পারি এবং জান্নাত লাভ করতে পারি তাহলে আমার জীবনটা সফল। এ দৃষ্টিভঙ্গি, এ চেতনা আমার সব সময় থাকতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একজন মু’মীনকে আখেরাতমুখী এ সাফল্যের পথ দেখায়।
গত ২২ মার্চ রবিবার রাতে হাটহাজারীতে জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারী মিজানুর রহমান ও এম এ বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে আল কোরআন থেকে দারস পেশ করেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল আজিজ খান।